যুবতীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেপ্তার এক যুবক - The News Lion

যুবতীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেপ্তার এক যুবক

 


দি নিউজ লায়নঃ     যুবতীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে গলসি থানা এলাকায়। ধৃতের নাম সওদাগর মির্জা। গলসি থানার পুরাতনগ্রামে তার বাড়ি। পুলিস জানিয়েছে, গলসী থানা এলাকার ওই যুবতীর সঙ্গে সওদাগরের ভাব-ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে সওদাগর। পরে বিবাহিত জেনে সওদাগরকে এড়িয়ে চলতে থাকে যুবতী। সওদাগর রাস্তাঘাটে যুবতীকে উত্যক্ত করত।


 কয়েকমাস আগে রাতে যুবতীর বাড়িতে এসে তাঁকে ধর্ষণের চেষ্টা করে সওদাগর। যুবতীর চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন জড়ো হলে সে পালিয়ে যায়। বুধবার দুপুরে গলসি থেকে বাড়ি ফেরার সময় যুবতীকে বাইকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। যুবতী তাতে প্রাণপণ বাধা দেন। দু’জনের মধ্যে ধস্তাধস্তি হয়। যুবতীকে সেই সময় মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে যুবতীর মা এসে তাঁকে উদ্ধার করেন। আদড়াহাটি স্বাস্থ্য কেন্দ্রে যুবতীকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যুবতী নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।


এরপরই শনিবার গভীর রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। রবিবার বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃতকে ১৯ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। ধৃতের মেডিকেল পরীক্ষা করানোর জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.